ভোলা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার লালমোহন উপজেলায় লঞ্চডুবির ঘটনায় উদ্ধার অভিযান বৃহস্পতিবার সকালে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
এরপর দুপুরের দিকে নদী থেকে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
লালমোহন উপজেলার নাজিপুরে এমভি কোকো-৪ লঞ্চটি ঈদের আগে শুক্রবার রাতে আংশিক ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৮৫ জনের লাশ উদ্ধার করা হল। এদের অর্ধেকেই শিশু।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে জেলা প্রশাসক উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করেন। লঞ্চটি লালমোহন থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
তিনি জানান, উদ্ধারকারী জাহাজ হামজা দুর্ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় একটি শিশুর লাশটি দেখতে পায়। পরে সেটা উদ্ধার করা হয়। শিশুটির নাম ইয়াকুব (১০)।
ইউএনও জানান, এখন পর্যন্ত দুই থেকে তিনজন নিখোঁজ থাকতে পারে।
জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম সাংবাদিকদের জানান, লঞ্চে আর কোনো লাশ পাওয়া যায়নি। উদ্ধারকারী জাহাজ হামজা দুপুর ২টার দিকে দুর্ঘটনাস্থল ত্যাগ করে। এর আগে চলে যায় অপর উদ্ধারকারী জাহাজ রুস্তম।
তিনি বলেন, হামজা ও রুস্তমের উদ্ধার ক্ষমতা ১২০ মেট্রিক টন। পানিসহ এমভি কোকো-৪ এর ওজন হবে কমপক্ষে ২শ' টন। সে কারণে লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি।
লঞ্চে আরো লাশ থাকতে পারে বলে স্থানীদের দাবির ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, লঞ্চটির খোন্দলে (নিচের মাল রাখার স্থান) উদ্ধার কাজ করা সম্ভব হয়নি।
বুধবার পিছনের অংশ উপরের দিকে তুলে লঞ্চটির ইঞ্জিন কক্ষ থেকে সাতটি লাশ উদ্ধার করা হয়।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের পরিদর্শক শফিক ইয়াকুব বাদি হয়ে লঞ্চ কর্তৃপক্ষ রহমান শিপার্সের পরিচালক ও তারেকের বন্ধু গিয়াসউদ্দিন আলম মামুনসহ ১৬ জনকে আসামি করে মেরিন আদালতে একটি মামলা হয়েছে।
খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো ওই লঞ্চ কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য জানিয়ে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তারাও আসামি।
এর আগে বেঁচে যাওয়া একযাত্রী লালমোহন থানায় লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৮৫৭ ঘ.
bdnews24