২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় ৩ জন গুলিবিদ্ধ

আধা ঘণ্টার ব্যবধানে পুরান ঢাকার দুটি স্থানে সন্ত্রাসীদের গুলিতে তিনজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2009, 10:15 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধা ঘণ্টার ব্যবধানে পুরান ঢাকার দুটি স্থানে সন্ত্রাসীদের গুলিতে তিনজন আহত হয়েছে। চাঁদা না দেওয়ায় সূত্রাপুরে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ করে গুলি চালানো হলে আহত হন দুই গাড়িচালক। অন্য ঘটনায় আহত হন বংশালে একটি রডের দোকানের কর্মচারী। পুলিশ জানায়, সকাল ১১টার দিকে বৈদ্যুতিক পাখা প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিটি ফ্যানের মালিক হাজি লাল মিয়ার লালমনি স্ট্রিটের বাড়ি লক্ষ করে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে লাল মিয়ার ব্যক্তিগত গাড়িচালক গোলাপ হোসেন (৪৫) এবং ওই বাড়ির এক ভাড়াটের গাড়িচালক ফারুক হোসেন (৩০) গুলিবিদ্ধ হন। গোলাপ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি মটর সাইকেলে করে দুই ব্যক্তি এসে এটি হাজি লাল মিয়ার বাড়ি কিনা জানতে চায়। 'হ্যাঁ' বলার সঙ্গে সঙ্গেই গুলি চালায় তারা।" গোলাপ ও ফারুক উভয়েরই পায়ে গুলি লেগেছে। একদল সন্ত্রাসী কিছুদিন আগে লাল মিয়ার কাছে এক কোটি চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ভয় দেখানোর জন্যই এ হামলা চালানো হতে পারে বলে মনে করছেন সূত্রাপুর থানার ওসি মো. হানিফ। অপরাধীদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। সূত্রাপুরের ঘটনার প্রায় আধা ঘণ্টা আগে সকাল সাড়ে ১০টার দিকে বংশালের নর্থ সাউথ সড়কে আকবর স্টিল হাউজ নামে একটি রডের দোকানের ম্যানেজার আবুল কালামকে লক্ষ করে গুলি চালায় সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বংশাল থানার ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালাম দোকানে একাই ছিলেন। সন্ত্রাসীরা গুলি করেই পালিয়ে যায়। ব্যক্তিগত শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এমআই/১৬০০ ঘ.