ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচলিত প্রাথমিক শিক্ষা শেষে শিশুরা তেমন কিছু শেখে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, "পঞ্চম শ্রেণী শেষে একটি শিশুর ৫০টি বিষয়ে দক্ষতা অর্জন করার কথা। কিন্তু বর্তমানে তারা যা শেখে তা মোটেও কার্যকর কিছু নয়।"
অর্থমন্ত্রী বুধবার এলজিইডি-আরডিইসি মিলনায়তনে 'বাংলাদেশে প্রাথমিক শিক্ষার অবস্থা অগ্রগতি ও চ্যালেঞ্জসমূহ' শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
প্রাথমিক স্তরে শিশুদের দক্ষতা বাড়ানোর তাগিদ দেন তিনি। এজন্য বর্তমান কাঠামোকে আরো পুনর্গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের প্রাথমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি নিয়ে বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযান (সিএএমপিই) 'এডুকেশন ওয়াচ-২০০৮' নামের এ প্রতিবেদন তৈরি করেছে।
অর্থমন্ত্রী মুহিত এ প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশেষ অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী আরো বলেন, "প্রাথমিক শিক্ষার বিস্তারে ব্যাপক জটিলতা থাকায় পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার অগ্রগতি খুব কম হয়েছে। ভর্তির হার যেমন বৃদ্ধি পায়নি তেমনি ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে।"
পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়ে অর্থমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে শিক্ষার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা গেলে ব্যাপক সাফল্য আসবে।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, নতুন শিক্ষানীতি এ মাসের মধ্যে চূড়ান্ত এবং আগামী বছরের প্রথম দিক থেকে বাস্তবায়ন শুরু হবে।
তিনি বলেন, "এই শিক্ষানীতি ধর্মগ্রন্থের মতো অপরির্তনীয় কিছু হবে না। সময়ের সঙ্গে তাল মেলাতে পরিবর্তনের জন্য উন্মুক্ত রাখা হবে।"
তিনি আরও বলেন, "নানা ষড়যন্ত্র ও জটিলতা সত্ত্বেও নতুন শিক্ষাবর্ষের শুরুতে দশম শ্রেণী পর্যন্ত বই বিনামূল্যে সরবরাহ করা হবে।"
সবাইকে নতুন বই দেওয়া গেলে ঝরে পড়ার হার কমবে ও ভর্তির হার বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এডুকেশন ওয়াচ এর চেয়ারম্যান কাজী ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সিএএমপিই'র নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।
অনুষ্ঠানে এ প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন সংস্থার গবেষক সমির রঞ্জন নাথ।
গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, পাঁচ বছরের প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার আগেই ভর্তি হওয়া শিক্ষার্থীদের অর্ধেক ঝরে পড়ে। ঝরে পড়ার এ উচ্চ হার শিক্ষাক্ষেত্রে যথাযথ মানের অভাব, সম্পদের অপচয় ও পুরো ব্যবস্থার অযোগ্যতাকে নির্দেশ করে।
তিনি বলেন, লৈঙ্গিক সমতাসহ উচ্চ ভর্তি হার অর্জনের দিক দিয়ে সফলতা পেলেও সাক্ষরতা পরিস্থিতি এবং সার্বিকভাবে শিক্ষার মান প্রত্যাশার তুলনায় অনেক নিচে।
প্রতিবেদনে বলা হয়, গত এক দশকে প্রাথমিক স্তরে বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থীদের উত্তীর্ণ হওয়ার হার কমেছে।
ঝরে পড়া (১১ দশমিক ৫ শতাংশ) ও পুনরাবৃত্তির হার (১০ দশমিক ৯ শতাংশ) বৃদ্ধি পেয়েছে।
সরকারি বিদ্যালয়গুলোতে ১৯৯৮ সালে গড়ে শিক্ষক ছিল ৪ দশমিক ৪ জন। ২০০৮ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ২ জন।
প্রতিবেদন অনুযায়ী, সাত বা তার বেশি বয়সীদের মাঝে সাক্ষরতার হার ২০০৮ সালে কমে গেছে (৪৮ দশমিক পাঁচ শতাংশ)। যদিও ২০০৫ সালে এ হার ছিল ৪৯ দশমিক সাত শতাংশ।
এতে আরো বলা হয়, শ্রেণী, জেন্ডার বা বিদ্যালয়ের ধরন নির্বিশেষে টাকার বিনিময়ে প্রাইভেট শিক্ষকের কাছে পড়ার হার গত এক দশকে বেড়েছে।
২০০৮ সালে ৩৮ শতাংশ শিক্ষার্থীর গৃহশিক্ষক ছিল (যা ২০০৫ সালে ৩১ শতাংশ)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জিএনএ/২০৪৪ ঘ.
bdnews24