ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেইজিং সফররত বাংলাদেশ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলটি সেখানে কর্মব্যস্ত সময় কাটাচ্ছে বলে জানিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।
বুধবার দুপুর পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের দুই নেতার সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রতিনিধিদলটির সঙ্গে মঙ্গলবার সকাল ১০টায় চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের ভাইস-মিনিস্টার লিউ হংচাই এর সঙ্গে এক দ্বিপাক্ষিক সভা হয়।
এরপর বুধবার সকাল ১১টায় চীনের গ্রেট হলে প্রতিনিধিদলের সঙ্গে সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য এবং চায়না পলিটিক্যাল কনসালটেটিভ কমিটির ভাইস চেয়ারম্যান ওয়াং গ্যাং এর সভা হয়।
এতে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলাপ-আলোচনা হয়।
সভায় প্রতিনিধিদল বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনায় খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির অনুরোধ জানায়। এছাড়া চীনের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানানো হয়।
সভা শেষে প্রতিনিধিদলকে গ্রেট হলে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়।
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে গত ২৯ নভেম্বর প্রতিনিধিদলটি সাত দিনের চীন সফরে ঢাকা ছাড়ে। ওইদিনই তারা বেইজিং পৌঁছায়।
বেইজিং বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের উপ-মহাপরিচালক ইউন সুইডং তাদের আন্তরিক অভ্যর্থনা জানান।
প্রতিনিধিদলে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/জিএনএ/২০০৮ ঘ.
bdnews24