সুনামগঞ্জ, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বালাকাড়া গ্রামে বুধবার দু'দলের সংঘর্ষে ৮১ জন আহত হয়েছে।
এদের মধ্যে মছদ্দর আলী (৬০), আরজু মিয়া (২৭), আশিক (৩০), আব্দুল হক (৬০), আশকর আলী (৫০), মাহিন (২০), শাহ জামাল (৪৫), হামিদ (৩০), আব্দুল আহাদ (৪০), আমির উদ্দিন (৩০), আব্দুল কাহার (৪২), ফজর আলী (৪২), আব্দুল লতিফ (৩৫), হানিফ উল্লাহ (৩০) ও শাহীনকে (২৫) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক আশুতোষ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবস্থার অবনতি হওয়ায় আহত সাতজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ আল সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল গ্রামের রজব আলী ও আব্দুর রাজ্জাকের মধ্যে। দুপুর ১২টার দিকে ওই জমির দখল নিয়ে দু'পক্ষের সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। এ সময় তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে। বিকাল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা কোনো মামলা করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮২০ ঘ.
bdnews24