২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমকি দিয়ে দুটি 'জঙ্গি চিঠি'

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বঙ্গবন্ধু মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক এবং ঢাকার জজ এ কে রায়কে হত্যার হুমকি দিয়ে বুধবার দুটি চিঠি এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2009, 08:00 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বঙ্গবন্ধু মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক এবং ঢাকার জজ এ কে রায়কে হত্যার হুমকি দিয়ে বুধবার দুটি চিঠি এসেছে। সকাল ১১টার দিকে ঢাকার জজ কোর্ট ভবনে ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে প্রথম চিঠিটি আসে। দ্বিতীয় চিঠি আসে বিকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে। ডাকযোগে পাঠানো ওই অনুরূপ চিঠি দুটিতে বঙ্গবন্ধু মামলা, জঙ্গিদের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে ছয়টি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে ঢাকার বিশেষ জজ এ কে রায়ের কাছে। প্রশ্নগুলো হচ্ছে- বঙ্গবন্ধু মামলার রায় কে তৈরি করেছে, কে তরজমা করে তা ওয়েবসাইটে প্রকাশ করেছে, শুনানিতে কারা ছিলেন, বঙ্গবন্ধু হত্যকারীদের দেশে ফেরত আনতে বিভিন্ন দেশের সঙ্গে 'চুক্তি'র খসড়া কারা তৈরি করছে, জেমমবির চার নেতার মৃত্যু পরোয়ানা কে দিয়েছেন এবং জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদকে বড় পুকুরিয়া দুর্নীতি মামলায় কে কারাগারে পাঠিয়েছিলো। চিঠিতে বলা হয়, একটি 'কিলিং স্কোয়াড' প্রস্তুত রয়েছে। তাদের (এ কে রায়, আনিসুল হক, মাহবুবে আলম) কেউ রক্ষা করতে পারবে না। ইংরেজিতে লেখা ওই চিঠির নিচে লাল কালিতে প্রেরকের স্থানে পাঁচটি জঙ্গি সংগঠনের নাম রয়েছে। সেগুলো হলো- আল কায়েদা, জইশ ই মুহাম্মদ, লস্কর ই তৈয়বা, হরকাতুল জিহাদ ও জেএমবি। কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আহমেদ গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, চিঠির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দিয়ে এর আগেও চিঠি পাঠানো হয়। বঙ্গবন্ধু মামলার আপিল চলাকালীন এবং রায়ের দিন তিনি এ ধরনের দুটি চিঠি পান। মাহবুবে আলম বুধবার সাংবাদিকদের বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডিত আসামিদের দেশে ফিরিয়ে আনার যতো বেশি চেষ্টা করা হবে ততোই এসব হুমকি আসবে। আমরা সতর্ক থেকে পদক্ষেপ নেব।" তিনি বলেন, "আমরা কোনো ভয়ে ভীত নই। বঙ্গবন্ধু হত্যা মামলা আমরা সাহসের সঙ্গে পরিচালনা করেছি।" মাহবুবে আলম নিজের নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এমআই/১৭১৩ ঘ.