২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় তিনটি লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় চর সালিমপুর গ্রামে মঙ্গলবার মাটির নিচ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2009, 04:19 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

কুষ্টিয়া, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় চর সালিমপুর গ্রামে মঙ্গলবার মাটির নিচ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন- যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩৮), ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকার রাসেল (৩০) ও কুষ্টিয়া সদরের চৌড়হাস এলাকার সোহাগ (২৭)। এ তিনজনকে অপহরণ করে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ওয়াসিম (২৭) ও মানিক (২৬) নামে দুজনকে আটক করেছে। এদের মধ্যে ওয়াসিম চর সালিমপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। মানিক ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ঘোরদাহ গ্রামের রজব জোয়ার্দ্দারের ছেলে। দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের পৃথক তিনটি স্থানে অভিযান চালানো হয়। গ্রামের হিসনা নদীর পাশ থেকে জাহাঙ্গীর হোসেন, ফারুক চেয়ারম্যানের বাড়ির পাশের ফাঁকা মাঠ থেকে রাসেল এবং সালিমপুর গোরস্থানের ভেতর থেকে সোহাগের লাশ উদ্ধার করা হয়েছে। এদের লাশ মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। ওসি বলেন, গোপন সংবাদ পেয়ে ঈদের আগের দিন দৌলতপুর থেকে পুলিশ ওয়াসিমকে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী ঢাকায় মানিককে আটক করা হয়। এ দু'জনের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ অভিযান চালায়। লাশ তিনটি বুধবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। লাশ উদ্ধারের পর কুষ্টিয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট শাহাবুদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, অপহরণকারী একটি চক্র এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। নিরীহ সহজ সরল মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে চক্রটি। তাদের হাতে আর কেউ মারা গেছে কিনা তা তদন্ত করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৬ ঘ.