চট্টগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় বনবিভাগের গাছ কাটার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার গভীর রাতে উপকূলীয় বন বিভাগের বাঁশবাড়িয়া বিট কর্মকর্তা হাসান মিয়া বাদি হয়ে ১২শ' জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় এ মামলা করেন।
চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের ডিএফও খালেক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় সুনির্দিষ্টভাবে ১৪ জনের নাম উল্লেখ করা হলেও এজাহারে বাকি আসামিদের অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।
গাছ কাটার ঘটনায় বন বিভাগের প্রায় ১২ লাখ টাকার সম্পদ বিনষ্ট হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
মামলা দায়েরের কথা স্বীকার করে সীতাকুণ্ড থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার আসামিদের মধ্যে ইতোমধ্যে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
মামলার এজাহারে যাদের নাম রয়েছে তারা হলেন- গাছ কাটার তদারকিতে থাকা জহুর মেম্বার, রুমি, শফিউল, মনির, বেলাল, লাভলু, দিদার, শাহেদ, জয়নাল, আলমগীর, হারেছ মিয়া, দীলিপ নাথ ও রুবেল।
এদের মধ্যে শেষ ছয়জন গ্রেপ্তার হয়েছেন।
রোববার রাতে সীতাকুণ্ডের মধ্যম সোনাইছড়ির ঘোড়ামাড়ার উপকূলীয় এলাকায় শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য বনবিভাগের ২০ একর জমির ১৫৬০টি কেওড়া গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে স্থানীয় প্রভাবশালীদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এইচএ/২০০৫ ঘ.
bdnews24