ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর, মৌলভীবাজার ও ফরিদপুরে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে গাজীপুর সদরের বাঘেরবাজার এলাকায় তিনজন, মৌলভীবাজারের কুলাউড়ার হিঙ্গাজিয়ায় তিনজন ও লোহাইউনি চা বাগান এলাকায় একজন এবং ফরিদপুর সদরে একজন মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিন বাসযাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- ঢাকার কেরাণীগঞ্জের বাগনা এলাকার বাবুল মিয়া (৪৫)।
নিহত বাকি দুজনের মধ্যে আনুমানিক ২২ বছর বয়সী এক নারী এবং ৫৫ বছর বয়সী এক পুরুষের পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে আকাশ (১০), শেফালি (২৩), তার স্বামী দেলোয়ার (২৫), অজ্ঞাত এক নারী (২৫) ও অজ্ঞাতনামা এক পুরুষকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ময়মনসিংহের সোহাগ (৩৫) ও তার স্ত্রী আয়সা বেগমকে (৩১) গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর সদরের নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান, দুপুর ১টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান একজন।
পুলিশ কর্মকর্তা বলেন, ট্রাকটি পালিয়ে গেছে। বাস ও অজ্ঞাত দুই লাশ নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
মৌলভীবাজার: কুলাউড়া উপজেলার পৃথক দুটি এলাকায় দুর্ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
কুলাউড়া থানার ওসি ইকবাল আহমদ জানান, দুপুরে কুলাউড়া-শমসেরনগর সড়কের হিঙ্গাজিয়ায় একটি বাস ও বিপরীতমুখী অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। তাদের পরিচয় জানা যায়নি।
আহত অটোরিকশা চালক বদরুল ইসলামসহ (২৬) অটোরিকশার চার যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে কুলাউড়া-শমসেরনগর সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে বলে পুলিশ কর্মকর্তা জানান।
এদিকে লোহাইউনি চা বাগানের ব্যবস্থাপক মো. তৈয়ব আলী জানান, সকালে মৌলভীবাজার থেকে কুলাউড়াগামী একটি বাস লোহাইউনি চা বাগান এলাকা অতিক্রমকালে চা শ্রমিক চিত্ত ভুমিজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কুলাউড়া থানার ওসি ইকবাল আহমদ বলেন, পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ চা শ্রমিকরা সকাল ১০টা থেকে এক ঘণ্টা সড়ক অবরোধ করে।
পরে পুলিশ ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।
উভয় ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
ফরিদপুর: সদর উপজেলার কানাইপুর এলাকায় বাস চাপায় নসিমন (স্থানীয় যান্ত্রিক যান) চালকের মৃত্যু হয়েছে।
নিহত কুদ্দুসের (৩০) বাড়ি মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায়।
ফরিদপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক মোতালেব আলী জানান, মাঝকান্দি থেকে ফরিদপুর আসার পথে বিকাল ৫টার দিকে বিপরীতগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে কুদ্দুস মারা যান।
তিনি জানান, লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৪ ঘ.
bdnews24