২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সংঘর্ষ-হামলা-ভাংচুর

মাগুরা, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ ও কুড়িগ্রামে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এসব ঘটনায় বেশ কয়েকটি বাড়িও ভাংচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2009, 01:52 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ ও কুড়িগ্রামে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এসব ঘটনায় বেশ কয়েকটি বাড়িও ভাংচুর হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুর উপজেলার মর্তুজাপুর গ্রামে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার বিবিজোড়া এলাকায় ইটভাটা নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসী ও শ্রমিকদের সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। স্কুলছাত্রীকে উত্যক্ত করার জেরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উত্তর ব্যাপারী হাট বাজার এলাকায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে আটজন আহত হয়েছেন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নে আওয়ামী লীগের দুটি গ্র"পের মধ্যে সোমবারের সংঘর্ষের জেরে হামলার ঘটনা ঘটে। এ সময় তিনটি গ্রামের ২০-২৫টি বাড়ি ভাংচুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: মাগুরা: মর্তুজাপুর গ্রামের আবদুল হাই ও আবদুর রশিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি আজিজুল হক। আহতদের মধ্যে আব্দুল হাই বিশ্বাস (৫০), আইনাল বিশ্বাসকে (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং মোশাররফ হোসেন (৫৫), নজরুল ইসলাম (৪৫), ফাতেমা খাতুন (৩৫), রেহেনা খাতুন (৩৫) ও হাবিবুর রহমানকে (২১) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ওসি আজিজুল বলেন, পূর্ব বিরোধের জের ধরে সকালে উভয় দলের সমর্থকদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় দলের সমর্থকরা লাঠিসোটা, ঢাল সড়কি ও ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। সংঘর্ষের খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান। নারায়ণগঞ্জ: সদর উপজেলার বিবিজোড়া এলাকায় সংঘর্ষে আহতদের মধ্যে আটজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এরা হলেন- এরশাদ (২৪), আনোয়ার (২০), নুরন্নবী (৩৫), রাসেল (১৮), মাসুম (৩৫), কামাল (৩৫), গোলাম হোসেন (২০) ও রোকন (২০)। বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মঈন বিবিজোড়া এলাকায় ইটভাটা নির্মাণের কাজ শুরু করলে এলাকাবাসী বাধা দেয়। এ নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে বাঁধে। ওসি জানান, এ ব্যাপারে কোনো মামলা হয়নি। ঝিনাইদহ: শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা পান্না খান ও নাসির খান গ্র"পের মধ্যে বিরোধের জেরে তিনটি গ্রামের কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তারা দুজনই ইউনিয়নের দেবতলা গ্রামের বাসিন্দা। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, দিগনগর ইউনিয়নের অচিন্ত্যপুর গ্রামে পক্ষ ত্যাগ করা নিয়ে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নজির উদ্দিন ও বতর্মান সদস্য ঝন্টু মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এরা যথাক্রমে পান্না ও নাসিরের সমর্থক। তিনি জানান, সোমবার সন্ধ্যায় নজিরের লোকেরা বিপক্ষ গ্র"প হারুনদিয়া গ্রামের খোকনের দোকানে হামলা ও ভাংচুর চালায়। এর জেরে মঙ্গলবার সকালে সাত থেকে আটশ' লোক ঢাল, সড়কি ও লাঠিসোটা নিয়ে কয়েকটি বাড়িতে হামলা করে। এ সময় বাদশা লস্কর নামের একজনের কলা বাগান তছনছ করা হয়। নাসির সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পান্নার সমর্থক নজিরের লোকেরা দেবতলা, অচিন্ত্যপুর, হারুনদিয়া, কৃষ্ণনগর ও গোকুলনগর গ্রামের হাজার দেড়েক লোক অস্ত্রশস্ত্র নিয়ে তার সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এই হামলার শিকার হয়েছে অচিন্ত্যপুর, দেবতলা ও হারুনদিয়া গ্রামের রোজদার আলী, সিদ্দিক লস্কর, জহুরুল হক, লুৎফর রহমান, সাইদুর রহমান ও গুডুমের বাড়িসহ ২৫টি বাড়ি। নজির তার পক্ষের লোক- এ কথা স্বীকার করে পান্না খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি হামলার সঙ্গে জড়িত নন। নজির ও ঝন্টুর বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ওসি জানান, হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ঝিনাইদহ পুলিশ লাইন ও আশপাশের থানা থেকে পুলিশ আনতে হয়েছে। পরে র‌্যাব সদস্যরাও ঘটনাস্থলে যায়। তিনটি গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা করেনি বলে তিনি জানান। কুড়িগ্রাম: নাগেশ্বরী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ও উপজেলার সাপখাওয়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়েকে সরকারটারী ও ব্যাপারীটারী গ্রামের শাহীন, শামীম, শিমুল ও সফিকুল প্রায় উত্যক্ত করতো। সোমবার কালাম থানায় অভিযোগ করলে রাতে পুলিশ চারজনকে ধরতে অভিযান চালায়। এ ঘটনায় ব্যাপারী হাট বাজারে দুপক্ষের মধ্যে মঙ্গলবার সকালে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। স্থানীয়রা জানান, মজনু (৩৫) নামে সংঘর্ষে আহত একজনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাগেশ্বরী থানার ওসি মো. মঞ্জুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/এমএসবি/১৯৪১ ঘ.