ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সায়েদাবাদে মিনিবাসের ভেতর থেকে মঙ্গলবার এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কিশোর জয়নাল আবেদীন (১৭) বাস চালকের সহকারী (হেল্পার) হিসেবে কাজ করতো। পাশাপাশি বাস টার্মিনালে পাহারাদারের কাজ করতো বলেও স্থানীয়রা জানিয়েছে।
মাতুয়াইলের বাসিন্দা জয়নালের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সায়েদাবাদ বাস র্টামিনালের ভেতরে বলাকা পরিবহনের একটি বাস থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাসের একটি আসনের সঙ্গে তার গলা রশি দিয়ে বাঁধা ছিল। তার পেটে একাধিক ছুরিকাঘাতের চিহ্নও রয়েছে।
যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের বাবা শহিদুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/১৯০৮ঘ.
bdnews24