২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী জেলা বিএনপি'র পাল্টাপাল্টি কমিটি

সাবেক সাংসদ নাদিম মোস্তফাকে সভাপতি করে গঠিত কমিটি অনুমোদনের তিনদিন পর রাজশাহী জেলা বিএনপি'র একাংশ পাল্টা কমিটি গঠন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2009, 06:01 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

রাজশাহী, ৩০ নভেম্বর ০৯ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সাংসদ নাদিম মোস্তফাকে সভাপতি করে গঠিত কমিটি অনুমোদনের তিনদিন পর রাজশাহী জেলা বিএনপি'র একাংশ পাল্টা কমিটি গঠন করেছে। নগরীর ভুবনমোহন পার্কে জেলা বিএনপির একাংশের সম্মেলনে সোমবার গঠিত কমিটির সভাপতি করা হয়েছে জেলা আহ্বায়ক আজিজুর রহমানকে। আর সাধারণ সম্পাদক হচ্ছেন চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ। এদিকে নাদিম মোস্তফার কমিটি মঙ্গলবার পরিচিতি সভা ডেকেছে। নাদিম মোস্তফা দাবি করেন, গত ২৬ নভেম্বর নগরীর উত্তরা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সম্মেলনে তাকে (নাদিম মোস্তফা) সভাপতি এবং কামরুল মনিরকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। ২৭ নভেম্বর কেন্দ্র তা অনুমোদন করে। তিনি জানান, গত ২৮ আগস্ট জেলা বিএনপির আহবায় কমিটি গঠন করার পর তার নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা চেয়ারপারসনের সঙ্গে দেখা করে ওই কমিটির কার্যক্রম স্থগিতের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে কমিটির কার্যক্রম স্থগিত করে কেন্দ্র। অপরদিকে আজিজুর রহমান তাদের কমিটিই 'বৈধ' দাবি করে সাংবাদিকদের বলেন, "দলের জেলা আহবায়ক হয়েও আমি আগের কমিটি সম্পর্কে জানলাম না। সেই কমিটি কিভাবে বৈধ হয় ? " বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩৫৫ ঘ.