ভোলা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার তেঁতুলিয়া নদীতে দুর্ঘটনা কবলিত লঞ্চ থেকে ৩৫ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে শিশু আছে ১১টি। তবে আরো ৩০ যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
ঢাকা থেকে ভোলার লালমোহনগামী এমভি কোকো-৪ নামে লঞ্চটি শুক্রবার রাতে তলা ফেটে আংশিক ডুবে যায়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পানি কম থাকার কারণে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছতে পারেনি।
এদিকে বিকাল ৩টার দিকে নৌ বাহিনীর ডুবুরিরা দুর্ঘটনা কবলিত লঞ্চের ভিতর ঢুকে উদ্ধার কাজ চালায় বলে তিনি জানান।
বিকালে নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন বলেও ভোলা-৩ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী জসীম উদ্দিন জানান।
ভোলার জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব বায়তুল আমিনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসনের কর্মকর্তা (সহকারী কমিশনার) নূরুদ্দীন আল ফারুক সকালে সাংবাদিকদের জানান, উদ্ধার করা লাশের মধ্যে তিনজন নারী ও সাতটি শিশু রয়েছে।
এরা হচ্ছে- ফারুক (২), আকলিমা (২৫), কবিতা (৩), সুরভী (৭), তমা (৮), শাহনূর (৪৫), রিপন (১২), খোশ বাহার (৪০), তামান্না (১৫) এবং অজ্ঞাত এক বছর বয়সি এক শিশু। উদ্ধার করা অন্যদের নাম জানা যায়নি।
তবে স্থানীয়রা বলছেন, আরো চারটি লাশ পাওয়া গেছে, যেগুলো স্বজনরা নিয়ে গেছেন।
লালমোহন থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, লঞ্চটির যাত্রীরা ছিলেন চরফ্যাশন ও লালমোহন উপজেলার।
লঞ্চটির যাত্রী ধারণ ক্ষমতা ছয়শর মতো হলেও এতে দেড় হাজারের বেশি যাত্রী ছিলো বলে যাত্রীরা জানিয়েছেন। এটি শুক্রবার বিকালে ঢাকার সদরঘাট ছেড়ে যায়।
লঞ্চের কয়েকজন যাত্রী জানান, রাত ১০টার দিকে লালমোহনের নাজিরপুর ঘাটের কাছে এলে লঞ্চটির তলা ফেটে যায়। এটি তখন দ্রুত ঘাটে ভিড়তে চেষ্টা করে। কিন্তু ঘাটে ভেড়ার ঠিক আগে এটি হেলে অর্ধেক ডুবে যায়।
লঞ্চের কত যাত্রী জীবিত উদ্ধার হয়েছে এবং কতজন নিখোঁজ তার সঠিক হিসাব পাওয়া যায়নি। তবে লঞ্চের এখনো প্রায় ৩০ যাত্রী নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানায়।
লঞ্চ দুর্ঘটনার পর স্থানীয়ভাবে উদ্ধার কার্যক্রম চালানো হয়। অনেকে সাঁতরে তীরে ওঠেন। শনিবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডাব্লিওটিসি) উদ্ধারকারী জাহাজ 'হামজা' বরিশাল থেকে ভোলায় রওনা হয়েছে বলে প্রশাসনিক কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/ডিডি/জিএনএ/১৭১৩ ঘ.
bdnews24