ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে শুক্রবার সন্ধ্যায় দু'টি কাপড়ের দোকান পুড়ে গেছে।
দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি নীলোৎপল দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে মার্কেটের মোরসালিন এবং আলিসা নামের দু'টি কাপড়ের দোকানে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনার আগে দোকান দু'টি সম্পূর্ণ পুড়ে যায়।
পাশের ওয়েল্ডিংয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
দমকল কর্মকর্তা নাজমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দমকল বাহিনীর সদস্যরা গিয়ে সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/জিএনএ/২১৪০ ঘ.
bdnews24