কুমিল্লা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্রণী ব্যাংক কুমিল্লার দাউদকান্দি শাখার লকার ভেঙে রোববার রাতে এক কোটিরও বেশি টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ব্যাংকটির শাখা ব্যবস্থাপক সফিকুল ইসলাম বাদী হয়ে সোমবার দাউদকান্দি থানায় একটি চুরির মামলা করেছেন। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
সফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংকের কলাপসিবল গেট ভেঙে ভেতরে চোর ঢোকে। এরপর তারা লকারের তালা ভাঙে।
দাউদকান্দি থানার ওসি মশিউর রহমান বলেন, অগ্রণী ব্যাংকে শাখা পর্যায়ে নৈশ প্রহরী রাখা হয় না বলে ব্যবস্থাপক তাকে জানিয়েছেন।
মামলা হওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, এ ব্যাপারে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কুমিল্লার পুলিশ সুপারিনটেনডেন্ট কাজী আবদুল কাদের, মুরাদনগর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আইয়ুব, কুমিল্লা র্যাব কমান্ডার আরমান উল্লাহ চৌধুরী এবং তিনি নিজে (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৯ ঘ.
bdnews24