২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে 'বন্দুকযুদ্ধ'র পর গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ অবস্থায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 02:37 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ অবস্থায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় বন্দুকযুদ্ধের এই ঘটনায় আহত হয়েছেন আমির হোসেন মেঙ্গা (৩৬)। তিনি স্থানীয় দুর্বৃত্ত গোষ্ঠী মেঙ্গা বাহিনীর প্রধান বলে দাবি করেছে র‌্যাব। সোমবার র‌্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, একটি রাম দা ও একটি ছোরা উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ আমিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ২টায় গোপন সংবাদ পেয়ে মধ্য কদমতলী এলাকায় নাভানা ভূঁইয়া সিটি টাওয়ারের পাশে খোলা মাঠে গেলে কয়েকজন সন্ত্রাসী অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি করে। প্রায় পনের মিনিট ধরে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থল থেকে মেঙ্গাকে ডান হাঁটুর ওপরে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ গ্রেপ্তার করে। মেঙ্গা সিদ্ধিরগঞ্জের ভূঁইয়াপাড়া এলাকার আলকাস ভূঁইয়ার ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান বলেন, হামলা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে র‌্যাব বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৩ ঘ.