২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ক্যাম্পাসে নৈশ প্রহরীর লাশ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে রোববার এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 06:23 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে রোববার এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জহুরুল ইসলাম (৩৫) ক্যাম্পাসের পূর্ব পাড়ায় কর্মচারিদের আবাসিক কোয়ার্টারে খণ্ডকালীন নৈশ প্রহরীর কাজ করতেন। তার বাড়ি পাশের মির্জাপুর পুলিশ ফাঁড়ির কাছে। গত তিনদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে আমীর আলী হলের গার্ড রায়হান আলী পেছনের পেঁপে বাগানে একটি ডাস্টবিনে লাশ দেখতে পেয়ে হল কর্তৃপক্ষ এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও নিহতের ভাই লাশ সনাক্ত করে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। নিহতের ভাই সিরাজুল ইসলাম বলেন, জহুরুল মোবাইল ফোনে অপরিচিত এক মেয়ের সঙ্গে নিয়মিত কথা বলতেন। এর জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে তিনি ধারণা করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রশাসনের কর্মকর্তারা এবং মহানগর পুলিশের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান, মতিহার জোনের সহকারী কমিশনার মৃণাল কান্তি ঘটনাস্থল পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/