ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডিতদের ফাঁসি কার্যকর না করতে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে বিস্ময় প্রকাশ করে এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক প্রশ্ন রেখেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট যারা নিহত হয়েছে অ্যামনেস্টি কী তাদের ফিরিয়ে দিতে পারবে?
শনিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেওয়া এক বিবৃতিতে মৃত্যুদণ্ডকে একটি নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি বলে আখ্যায়িত করে বলা হয়, যে কোনো ধরনের অপরাধের জন্যই তারা মৃত্যুদণ্ড দেওয়ার বিরোধী।
তারা বঙ্গবন্ধুর খুনিদের শাস্তির কঠোরতা কমানোর জন্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।
গত বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে বঙ্গবন্ধু মামলার পাঁচ আসামির আপিল আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ে ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে সুপ্রিম কোর্ট।
আ্যমনেস্টির বিবৃতির জবাবে আনিসুল হক আরো জানান, নিষ্পাপ শিশু, নিরীহ নারী ও সারা দেশের জনগণের ভালবাসা পেয়েছেন এমন নেতার হত্যার ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
তিনি ওই বিবৃতির কড়া সমালোচনা করে মামলার বিষয়বস্তু বিবেচনা করার জন্য অ্যামনেস্টির প্রতি আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএইচ/২০১২ ঘ.
bdnews24