সাতক্ষীরা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে আড়পাঙ্গাসিয়া নদীতে মাছ ধরার সময় এক জেলেকে নিয়ে গেছে কুমির।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনের খোগরাখালি নামক স্থানে রোববার সকালে এই ঘটনা ঘটে।
কুমির আক্রমণের শিকার উপজেলার দাঁতনেখালি গ্রামের লোকমান গাজীর ছেলে সেলিম গাজীকে (২৮) পাওয়া যায়নি।
তার সঙ্গী একই গ্রামের আমজাদ আলী ও লিয়াকত আলী সাংবাদকিদের জানান, সকাল ৮টার দিকে আড়পাঙ্গাসিয়া নদীর পশ্চিম পাশে মাছ ধরার সময় সেলিমকে আক্রমণ করে কুমির। কুমিরটি তাকে পানির নিচে টেনে নিয়ে যায়।
তারা জানান, শুক্রবার সেলিমসহ সুন্দরবনের ভেতর নদীতে মাছ ধরতে যান।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি স্টেশনের বন কর্মকর্তা রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিখোঁজ সেলিম গাজীকে উদ্ধারের চেষ্টা চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৮৩২ ঘ.
bdnews24