ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত ও যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলার ষড়যন্ত্রে জড়িত সন্দেহে গ্রেপ্তার লস্কর-ই-তৈয়েবা সদস্য আবু মোতালেবকে (৪৪) জিজ্ঞাসাবাদের জন্য চার দিন সময় পেয়েছে পুলিশ।
রোববার বিকালে তাকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবু আল খায়ের মাতব্বর ১০ দিন জিজ্ঞাসাবাদের আবেদন করলে মহানগর হাকিম মুন্সী আব্দুল মজিদ চার দিন মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুরের এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক সুভাষ চন্দ্র সাহা।
শনিবার ভোরে রাজধানীর মতিঝিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ১৩ নভেম্বর গ্রেপ্তার হওয়া তিন জঙ্গির দেওয়া তথ্যের ভিত্তিতে আবু মোতালেব ওরফে মতু ওরফে মজনুকে গ্রেপ্তার করা হয়েছে।
রিমান্ড আবেদনে বলা হয়, মোতালেবের বিরুদ্ধে বাংলাদেশ থেকে জঙ্গি সংগ্রহ করে পাকিস্তানে প্রশিক্ষণ দিয়ে ভারত, আফগানস্থানসহ বিভিন্ন স্থানে পাঠানোর অভিযোগ রয়েছে। সে নিজেও গ্রেনেডসহ বিভিন্ন অস্ত্র ব্যবহারে পারদর্শী এবং ১৯৮৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত আফগান যুদ্ধে অংশগ্রহণ করেছে। এজন্য আরো তথ্য জানতে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এদিকে, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় কাশ্মীরভিত্তিক জঙ্গি সংগঠন হিযবুল মুজাহিদিনের সদস্য আব্দুল মজিদ বাটকে দুই দফায় ৯ দিন রিমান্ড শেষে জিজ্ঞাসাবাদের জন্য আবারো তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন মহানগর হাকিম মোয়াজ্জেম হোসেন।
৬ জানুয়ারি রাজধানীর উত্তরা থেকে অস্ত্রসহ মজিদকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/পিবি/আরএ/এএল/জিএনএ/১৮০১ ঘ.
bdnews24