২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আল্লাহর দলের নেতৃত্বে পাবনার হিরো'

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের প্রধান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মতিন মেহেদী কারাগারে থাকায় বর্তমানে সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন হিরো নামে পাবনার এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 11:54 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঝিনাইদহ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের প্রধান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মতিন মেহেদী কারাগারে থাকায় বর্তমানে সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন হিরো নামে পাবনার এক ব্যক্তি। ঝিনাইদহে গ্রেপ্তার সংগঠনটির ১৪ সদস্যকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পাওয়া গেছে। তবে তারা হিরোর পুরো নাম ও পরিচয় জানানি। রোববার ঝিনাইদহ পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জেলার দায়িত্বপ্রাপ্ত আল্লাহর দলের নেতা শফিকুল ইসলাম পুলিশকে সংগঠনটির সাংগঠনিক বিষয়েও তথ্য দিয়েছেন। আগের দিন ঝিনাইদহ শহরের কাঞ্চনপুরের একটি বাড়ি থেকে পুলিশ আল্লাহর দলের এই ১৪ জঙ্গিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা আল্লাহর দলের সদস্য বলে নিজেদের পরিচয় দিয়েছে। তবে পুলিশ বলছে, নিষিদ্ধ সংগঠন জামাআাতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) সঙ্গে এদের সংশ্লিষ্টতা রয়েছে। আল্লাহর দলের নেতা মতিন মেহেদী জেএমবির সঙ্গেও সম্পৃক্ত বলে পুলিশ জানায়। ঝিনাইদহে ১৭ আগস্টের বোমা হামলার মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত মতিন ২০০৭ সালে কুড়িগ্রামে গ্রেপ্তার হওয়ার পর কারাগারে আছেন। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার পুলিশ সুপারিনটেনডেন্টের নেতৃত্বে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করছেন। তিনি জানান, দল নেতা শফিকুল ইসলাম পুলিশকে জানিয়েছেন- আল্লাহর দলে যারা প্রথম যোগ দেয় তাদের বলা হয় সমর্থক। গ্রামের দায়িত্বপ্রাপ্ত গ্রাম নায়ক, উপজেলা পর্যায়ের নেতাকে বলা হয় থানা নায়ক। থানা নায়কের অধীনে থাকে ১০ জন। তার মধ্যে ছয়জন থাকে গ্রাম নায়ক। জেলার দায়িত্বে যিনি থাকেন তাকে জেলা নায়ক বলা হয়। তার উপরে থাকেন আঞ্চলিক নির্বাহী। দলে শীর্ষ নেতাকে বলা হয় আহবায়ক। নিজেকে জেলা নায়ক পরিচয় দিয়ে শফিকুল ইসলাম পুলিশকে বলেছেন, দেশের বিভ্ন্নি স্থানে আল্লাহর দলের ৬০টি কার্যালয় আছে। ২০০১ সালে প্রথম ঝিনাইদহ শহরে কার্যালয় খোলে আল্লাহর দল। পরের বছর তিনি এখানে আসেন। তিনি দায়িত্ব নেওয়ার পর জেলায় সদস্য সংখ্যা ৩০ থেকে বেড়ে দাঁড়ায় ৫৯২ জনে। তবে ২০০৫ সালে জেএমবি'র দেশজুড়ে বোমা হামলার পর জঙ্গিবিরোধী অভিযানের সময় অনেকেই সংগঠন ছেড়ে চলে যায়। তিনি দাবি করেন, জেএমবি'র সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। জেলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট রেশমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আল্লাহর দল জেলায় নতুন করে সদস্য সংগ্রহে নেমেছে। দরিদ্র ও অশিক্ষিত ছেলেদের ধর্মের কথা বলে তারা দলে ভেড়াচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫০ ঘ.