২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রসফায়ার নিয়ে শুনানি স্থগিত

মাদারীপুরে র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে নিহত দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের জারি করা স্বপ্রণোদিত আদেশের শুনানি ৯ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 10:02 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে নিহত দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের জারি করা স্বপ্রণোদিত আদেশের শুনানি ৯ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছে আদালত। রোববার বিচারপতি এএফএম আবদুর রহমান ও বিচারপতি ইমদাদুল হক আজাদের বেঞ্চ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। পাশাপাশি আদালত এ আদেশের বিষয়ে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রকে ব্যাখ্যাকারী হিসেবে পক্ষভুক্ত করেছে। সরকার পক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ আদেশের জবাব ও শুনানি প্রস্তুতির জন্য সময়ের আবেদন জানান। অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল এ রুলের পক্ষভুক্ত হওয়ার আবেদন জানান। আদালত দুটি আবেদনই মঞ্জুর করেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখে স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) ১৭ নভেম্বর হাইকোর্ট আদেশ জারি করে। ১৫ নভেম্বর মাদারীপুরে র‌্যাবের সঙ্গে কথিত ক্রসফায়ারে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী লুৎফর খালাসী (৪০) ও তার ভাই খায়রুল খালাসী (৩৮) নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইউএস/আরএ/জিএনএ/১৬০০ঘ.