নেত্রকোনা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চাঁদা দাবির অভিযোগ তুলে নেত্রকোনার দুই সাংবাদিকের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
এরা হলেন ইংরেজি দৈনিক ডেইলী স্টার ও টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার নেত্রকোনা প্রতিনিধি জাহাঙ্গীর আলম সজল এবং দৈনিক যায়যায়দিনের নেত্রকোনা প্রতিনিধি মিজানুর রহমান নান্নু।
শুক্রবার রাতে দুর্গাপুর থানায় উপজেলার দুবরাজপুর গ্রামের নয়ন মিয়া বাদি হয়ে একটি এবং শনিবার বিকেলে গাউকাউন্দিয়া গ্রামের আব্দুল মোতালেব মিয়া একটি মামলা করেন।
দুর্গাপুর থানার ওসি আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ দুজন সাংবাদিক নয়ন মিয়ার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। না দিলে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে বেকায়দায় ফেলার হুমকি দেন তারা। আব্দুল মোতালেব মিয়ার করা মামলায়ও মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত দুজনের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে বলে দাবি করেন ওসি।
অভিযুক্ত জাহাঙ্গীর আলম সজল এবং মিজানুর রহমান নান্নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা মামলার বাদি দুজনের কাউকেই চেনেন না। ঘটনার সঙ্গেও তাদের কোন ধরনের সংশ্লিষ্টতা নেই বলে উভয়ে দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/০০৩০ঘ.
bdnews24