শেরপুর, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আতঙ্ক ছড়ানোর অভিযোগে ঝিনাইগাতী উপজেলা বিএনপি ও ছাত্রদলের ২৭ নেতা-কর্মীকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে নকলা পুলিশ।
বিএনপি নেতাদের অভিযোগ, সাবেক হুইপ জাহেদ আলীর বাড়িতে একটি বৈঠক থেকে বের হওয়ার পর বিনা কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
নকলা থানার ওসি একেএম ফছিহুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝিনাইগাতি বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা নকলায় এসে রাতে মহড়া দিয়ে জনমনে ত্রাসের সৃষ্টি করে। তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে।"
রাত ২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নকলা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।
এ গ্রেপ্তার হয়রানিমূলক দাবি করে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ছাইফুল ইসলাম কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ২টার দিকে সাবেক হুইপের বাড়ি থেকে বের হওয়ার পর নিরাপদে বাসে তুলে দেওয়ার কথা বলে ওই নেতা-কর্মীদের পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।"
তিনি জানান, ঝিনাইগাতী উপজেলা বিএনপির বিরোধ নিষ্পত্তির জন্য জাহেদ আলীর বাড়িতে ওই বৈঠক হয়।
বিএনপি অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৪৫৫ ঘ.
bdnews24