২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2009, 05:33 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সমন্বিতভাবে স্বাধীনতা যুদ্ধে নামে। সেদিন সশস্ত্র বাহিনী জনগণের সঙ্গে একাত্ম হয়ে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। দিবসের শুরুতেই সকালে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান নিজ নিজ বাহিনীর পক্ষে শিখা অনির্বাণে ফুল দেন। সন্ধ্যায় সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার যোগ দেওয়ার কথা রয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির গৌরব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনী ১৯৭১ সালের এই দিনে দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ সূচনা করে। ফলে আমাদের বিজয় অর্জন ত্বরান্বিত হয়। দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ওপর যথাযথ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেন, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টেলিভিশন বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। জাতীয় দৈনিকগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌ ও বিমান ঘাঁটিগুলোতেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১১২০ ঘ.