নারায়ণগঞ্জ, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শুক্রবার ভোরে ডাকাতির সময় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফতুল্লার পিলকুনী এলাকার আব্দুল জলিলের বাড়িতে ডাকাতির সময় এলাকাবাসী বাদল (৩২) নামে এ ব্যক্তিকে আটক করে পুলিশে দেয়।
তার কাছে ছয় রাউন্ড গুলিভর্তি একটি দেশি পিস্তল পাওয়া গেছে।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার জানান, ৫-৬ জনের একটি ডাকাতদল ঘরে ঢুকে অস্ত্রের মুখে গৃহকর্তা জলিলের হাত-পা বেঁধে ফেলে মাল নেওয়ার চেষ্টা করে।
এসময় পাশের কক্ষ থেকে তার ছেলে ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসে। দলের অন্যরা পালিয়ে গেলেও বাদলকে ধরে ফেলে।
ওসি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/২১২৬ ঘ.
bdnews24