২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপাসনালয়ে বিশেষ প্রার্থনা

বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে শুক্রবার দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 12:12 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে শুক্রবার দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা হয়। এছাড়া ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বৃহস্পতিবার আপিল বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হত্যা মামলার পাঁচ আসামির আপিল আবেদন খারিজ করে ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হাইকোর্টের রায় বহাল রাখে। রায়ে সন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগ উপাসনালয়ে প্রার্থনার কর্মসূচি দিয়েছিলো। সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকও সেখানে ছিলেন। উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্তও ফুল দেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। তাদের সঙ্গে আরো ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু, ওবায়দুল কাদের প্রমুখ। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে মিলাদ, দোয়া ও শোকরানা নামাজ আদায় করা হয়। রাজধানীসহ দেশের অন্যান্য মসজিদেও একই কর্মসূচি পালন করা হয়েছে। বায়তুল মোকাররমের বিশেষ প্রার্থনায় আমু, রাজ্জাক, সৈয়দ আশরাফ, শাজাহান খান, কামরুল, নানকের পাশাপাশি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। দুপুরে হিন্দু ধর্মাম্বলীরা তাদের পবিত্র গ্রন্থ ভাগবত গীতা পাঠ, প্রার্থনা মন্ত্রের মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে রায়ের জন্য সন্তুষ্টি প্রকাশ করে। ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা সভা পরিচালনা করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস পাল। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন- সুরঞ্জিত, পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, আওয়ামী লীগ নেতা সতিশ চন্দ্র রায়, সাংসদ সাধন কুমার মজুমদার, বীরেন সিকদার, মনোরঞ্জন শীল গোপাল, ননী গোপাল মণ্ডল, সাধনা হালদার, অপু উকিল প্রমুখ। ঢাকেশ্বরী মন্দির ছাড়াও শ্রী শ্রী রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রম, রাম সীতা মন্দির, ঠাঠারী বাজার শিব মন্দির, পোস্তগোলা মহাশশ্মান এবং বনগ্রাম রাধা গোবিন্দ জিও মন্দিরেও প্রার্থনা সভা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/এমআই/১৭৫৯ ঘ.