ইসলামী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি হলে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করেছে পুলিশ।
তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের কর্মীদের হামলায় প্রতিপক্ষের এক কর্মী আহত হওয়ার পর পুলিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে তল্লাশি চালায়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে- তিনটি লাইট গান (এলজি), পাঁচটি তাজা বোমা ও চারটি চাপাতি (ধারালো বড় ছুরি)।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে তুচছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী মোহাম্মাদ আলী শিমুল ও ওয়ালিদ হাসান মুকুট ছাত্রলীগের অপর এক কর্মী মোস্তাক বিল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
মোস্তাককে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র এবং পরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এই ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আন্তর্জাাতিক ব্লকে দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়।
তল্লাশির সময় পুলিশ এফ-২১৪ নম্বর কক্ষ থেকে তিনটি এলজি, পাঁচটি তাজা বোমা ও দু'টি চাপাতি উদ্ধার করে। এ কক্ষে শিমুল থাকেন।
এছাড়া ১১২ নম্বর কক্ষ থেকে কিছূ গুলতি ও হলের ছাদ থেকে আরো দুটি চাপাতি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুল আরফিন হল কর্তৃপক্ষের সহযোগিতায় পুলিশ নিয়ে হলে তল্লাশি চালান।
প্রক্টর মাহবুবুল আরফিন বলেন, "সন্ত্রাসী যে দলেরই হোক না কেন কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি শেখ শাহানুর আলম কেরামত ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এক বিবৃতিতে জানিয়েছেন, শিমুল ও মুকুটকে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা হয়েছে।
বিবৃতিতে তারা বলেন, শিমুলকে আগামী এক মাস এবং মুকুটকে আগামী দেড়মাসের জন্য ছাত্রলীগের সব কর্মকাণ্ডে বিরত থাকতে বলা হয়েছে। এর পাশাপাশি আগামী এক মাসের মধ্যে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০০ ঘ.
bdnews24