ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামি পক্ষের আপিল আবেদন খারিজ হওয়ায় আগামী জানুয়ারির মধ্যেই বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর করা যাবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
ঐতিহাসিক এক রায়ে আপিল বিভাগ বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে।
এর ফলে হত্যাকারীদের ফাঁসি দেওয়ার হাইকোর্টের রায় বহাল থাকলো।
রায়ের পর আইন প্রতিমন্ত্রী কামরুল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে রায় বাস্তবায়নের জন্য দেড় মাস সময় লাগবে। সে ক্ষেত্রে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুর দিকে দণ্ড কার্যকর করা যাবে।"
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিন বর্তমানে কারাবন্দি।
অন্য আসামি আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, মোসলেমউদ্দিন, রাশেদ চৌধুরী ও আব্দুল মাজেদ পালিয়ে আছেন। তাদের গ্রেপ্তার করতে ইন্টারপোলের পরোয়ানা রয়েছে।
পলাতক অবস্থায় আরেক আসামি আব্দুল আজিজ পাশা জিম্বাবুয়েতে মারা যায়।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল না করায় পলাতকদের মৃত্যুদণ্ড বহাল রয়েছে। নিয়মিত আপিলের সুযোগ না থাকায় গ্রেপ্তারের পরই তাদের ফাঁসি কার্যকর করা যাবে। তবে আইনি প্রক্রিয়ায় বিলম্বে আপিলের সীমিত সুযোগ থাকছে তাদের। যদিও এ ধরনের সুযোগ পাওয়ার নজির বিরল।
আইন অনুযায়ী, আসামি পক্ষ এখন আদালতে রিভিউ আবেদন করতে পারবে। তা খারিজ হলে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবে।
তাও খারিজ হলে আইন অনুসারে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির ২১ দিন পর এবং ২৮ দিন অতিবাহিত হওয়ার আগে ফাঁসি কার্যকর করার নিয়ম রয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল 'বিপথগামী' সদস্য ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন আত্মীয়-স্বজনসহ তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে।
হত্যাকাণ্ডের পর তখন কাউকেই মামলা করতে দেওয়া হয়নি। হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করার জন্য '৭৫ এর ২৬ সেপ্টেম্বর তৎকালীন মোশতাক সরকার ইন্ডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশ জারি করে।
দীর্ঘদিন পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার দায়মুক্তি অধ্যাদেশটি বাতিল করলে ওই হত্যাকাণ্ডের বিচারের পথ উন্মুক্ত হয়। এর পর ওই বছরের ২ অক্টোবর বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী আ ফ ম মুহিতুল ইসলাম বাদি হয়ে ধানমণ্ডি থানায় মামলা করেন।
১৯৯৮ সালের ৮ নভেম্বর ঢাকার দায়রা জজ গোলাম রসুল ১৫ জনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। এরপর ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ মামলায় বিভক্ত রায় দেয়। ২০০১ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের তৃতীয় বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ১২ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন।
পরে কারাবন্দি পাঁচ আসামি আপিল বিভাগে আপিল আবেদন করেন। বিগত বিএনপি জামায়াত জোট সরকারের সময় আপিল বিভাগে বিচারপতি সঙ্কটের কারণে দীর্ঘদিন আপিল শুনানি ঝুলে ছিল।
এ বছরের মাঝামাঝিতে চারজন বিচারপতি নিয়োগের পর আপিল শুনানির অচলাবস্থার নিরসন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/জিএনএ/১২৩৪ঘ.
bdnews24