ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণে থাকা টঙ্গির সাতরঙ টেক্সটাইল মিলস লিমিটেডকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার প্রাইভেটাইজেশন কমিশনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
কমিশনের পক্ষ জানানো হয়েছে, বর্তমানে বন্ধ থাকা মিলটি বিক্রি হয়েছে ১৩ কোটি ২৬ লাখ ৬১ হাজার ২ শ' ৯৫ টাকায়। এর বর্তমান স্থায়ী সম্পদের পরিমাণ ১১ কোটি ৩৪ লাখ টাকা।
মির্জা কামরুল ইসলাম বেগ মিলটি কিনলেও পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে মালিকানা গ্রহণ করেছেন মেসার্স এম এম মাল্টি ফাইবার্স লিমিটেড।
হস্তান্তর অনুষ্ঠানে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মির্জা আব্দুল জলিল বলেন, বিরাষ্ট্রীকরণের ফলে মিলটি লাভের মুখ দেখবে। এতে রাজস্বও বৃদ্ধি পাবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।
এ সময় কমিশনের সদস্য শেখ এ কে মোতাহার হোসেন এবং বিটিএমসির চেয়ারম্যান আব্দুল বারী খান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এসকে/২১৩৮ঘ.
bdnews24