২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর নজরদারিতে পাঁচ 'খুনি'

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া পাঁচ আসামিকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 07:22 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া পাঁচ আসামিকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর ঠিকানা 'কনডেম্ড সেলে' থাকা ওই পাঁচজনের গতিবিধির দিকে খেয়াল রাখতে কক্ষের কাছাকাছি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। বাইরের সঙ্গে কোনো ধরণের যোগাযোগ ঠেকাতে বসানো হয়েছে মোবাইল ফোন নেটওয়ার্ক জ্যামার। কারাগারের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, "এটা অন্য কোনো বন্দির জন্য করা হয়নি।" এ পাঁচ আসামি হচ্ছেন: অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা, বরখাস্ত লে.কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লে.কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ ও বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল এ কেএম মহিউদ্দিন আহমেদ (ল্যান্সার)। আগামী ১৯ নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সম্ভাব্য অঘটন এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। কারাগারের কর্মকর্তাটি জানান, ওই আসামিদের সঙ্গে আত্মীয়স্বজনের দেখা-সাক্ষাৎও বন্ধ করে দেওয়া হয়েছে। একজন ডেপুটি জেলারকে প্রধান করে একটি বিশেষ টীম গঠন করা হয়েছে এদের নিরাপত্তার জন্য। এ টিমে একজন হাবিলদার ও পাঁচজন কারারক্ষী রয়েছে। এক আসামির জন্য একজন করে কারারক্ষী বরাদ্দ থাকলেও তাদের দায়িত্ব মাত্র তিন ঘণ্টা। এ সময়ের পরপরই রক্ষী বদল করা হয়। দায়িত্বে যাওয়ার আগে তাদের শরীর তল্লাশি করা হয়। এই টিম ঠিকমতো কাজ করছে কিনা তা গোপনে দেখার জন্য আবার আলাদা একটি টিম কাজ করছে। কনডেম্ড সেলের একটি কক্ষের ভেতরেই গোসলখানা এবং পায়খানা। নিয়ম অনুযায়ী আসামীদের প্রত্যেককে তিনটি কম্বল দেওয়া হয়েছে। বালিশ হিসেবে, মেঝেতে বিছিয়ে শোয়া ও গায়ে দেওয়ার জন্য তা ব্যবহার করতে হয়। জেল কোড অনুযায়ী এ পাঁচ আসামি সব সময় কয়েদীদের পোশাক পরে থাকেন। নিয়ম অনুযায়ী তাদের বই পড়ার সুযোগ দেওয়া হয়। জেল কোড অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর আত্মীয়স্বজন একমাস পরপর দেখা করার সুযোগ পেয়ে থাকে। সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার ঘটনার পর থেকে 'নিরাপত্তার কারণে' তা বন্ধ করে দেওয়া হয়েছে। কারাসূত্র জানায়, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান এবং মহিউদ্দিন আহমেদ ১৯৯৬ সাল, বজলুল হুদা ১৯৯৮ সাল ও এ কেএম মহিউদ্দিন আহমেদ (ল্যান্সার) ২০০৭ সাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। কারা উপ মহাপরিদর্শক মো.গোলাম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও দেশের প্রতিটি কারাগারে সর্বোচ্চ সতর্ক অবস্থা নেওয়া হয়েছে। রেড অ্যালার্ট চলছে। কারাগারের বাইরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ এবং আমর্ড পুলিশ। বঙ্গবন্ধু হত্যার ঘটনার দীর্ঘদিন পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। এরপর পাঁচ আসামি সুপ্রিম কোর্টে আপিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/০১১৬ঘ.