২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা নিষ্পত্তি পর্যন্ত নাইকোকে অর্থশোধ নয়

ক্ষতিপূরণ মামলা বা ক্ষতিপূরণের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কানাডীয় তেল কোম্পানী নাইকোকে উত্তোলিত গ্যাসের কোনো অর্থ পরিশোধ না করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 04:53 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ক্ষতিপূরণ মামলা বা ক্ষতিপূরণের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কানাডীয় তেল কোম্পানী নাইকোকে উত্তোলিত গ্যাসের কোনো অর্থ পরিশোধ না করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২০০৮ সালে সরকার নাইকোর বিরুদ্ধে এই ক্ষতিপূরণের মামলা দায়ের করে। টেংরাটিলা গ্যাস ফিল্ডে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির জন্য নাইকোকে দায়ী করা হয়। মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয়। ২০০৫ সালে বেলা এই রিট আবেদনটি দায়ের করেছিল। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৫ সালে ১২ সেপ্টেম্বর হাইকোর্ট নাইকোকে গ্যাসের অর্থ পরিশোধ বন্ধ করতে সরকারকে নির্দেশ দেয়। সেইসঙ্গে আদালত বাংলাদেশে কানাডীয় তেল কোম্পানীটির সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়। আদালত ওই সময় বাপেক্স-নাইকো গ্যাস উত্তোলন চুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানাতেও সরকারের প্রতি রুলনিশি জারি করে। এছাড়া আদালত সরকারকে পনের দিনের মধ্যে ২০০৫ সালের জানুয়ারি ও জুন মাসে টেংরাটিলা গ্যাস ফিল্ডে অগ্নিকান্ডের ঘটনা ও নাইকো-বাপেক্স চুক্তি নিয়ে গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছিল। আপিল বিভাগ পরে হাইকোর্টের আদেশ সংশোধন করে অভ্যন্তরীণ প্রয়োজন মেটাতে অর্থ উত্তোলনের অনুমতি দিলেও দেশের বাইরে অর্থ পাঠানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে। বেলার একজন আইনজীবী ইকবাল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেলা নাইকো-বাপেক্স চুক্তি বাতিলের দাবিতে মূলত রিট করেছিল। তাই হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে বেলা আপিল দায়ের করতে পারে।" নাইকোর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। বেলার পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। পেট্রোবাংলার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২২৪০ ঘ.