রাজশাহী, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - থানা ও ওয়ার্ড কমিটি গঠন নিয়ে স্বেচ্ছাচারিতা এবং অনিয়মের অভিযোগে রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে দলের একাংশের নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে নগরীর জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে সাহেব বাজার প্রদক্ষিণ করে।
পরে জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বিক্ষুব্ধ নেতারা সম্মেলনের আগে জেলা ও মহানগর আহ্বায়ককে অপসারণ করার দাবি জানান। তা না হলে ২১ নভেম্বর মহানগর সম্মেলন প্রতিহত করার হুমকি দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন, মতিউর রহমান, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।
তারা অভিযোগ করেন, নগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে চারটি ছাড়া বাকিগুলোতে পছন্দের লোক নিয়ে কমিটি করেছেন মিনু।
এছাড়া মিনু ও জেলা আহ্বায়ক আজিজুর রহমানের যোগসাজশে আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় জেলার দুর্গাপুর, পুঠিয়া ও মোহনপুরে পাল্টাপাল্টি কমিটি হয়েছে এবং এসব স্থানে দু'গ্র"পের মধ্যে উত্তেজনা রয়েছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশের ব্যাপারে মিজানুর রহমান মিনু সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।
জেলা আহবায়ক আজিজুর রহমান বলেন, "বিচ্ছিন্নতাবাদীদের কথায় তো আর পদত্যাগ করা যায় না।"
বিক্ষোভকারীরা দলের বাইরের লোক-এই দাবি করে তিনি বলেন, যারা মিছিল করেছে তারা 'সন্ত্রাসী' ও 'নেশাগ্রস্ত'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৬ ঘ.
bdnews24