২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা ফাটার পর পলিটেকনিকের ছাত্রাবাস বন্ধ

কুষ্টিয়া পলিটেকনিক ইনষ্টিটিউটের একটি ছাত্রাবাসে মঙ্গলবার সকালে বোমা বিস্ফোরণে ছাত্রলীগের এক নেতা আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 11:42 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

কুষ্টিয়া, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়া পলিটেকনিক ইনষ্টিটিউটের একটি ছাত্রাবাসে মঙ্গলবার সকালে বোমা বিস্ফোরণে ছাত্রলীগের এক নেতা আহত হয়েছেন। এই ঘটনায় কর্তৃপক্ষ ইনস্টিটিউটের তিনটি ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। বিকাল চারটার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়তে বলা হয়েছে। তবে ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কাজ যথারীতি চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বোমার আঘাতে ছাত্রলীগ নেতা তানভীর আলম পারভেজের (২২) হাত ও মুখমণ্ডল ঝলসে গেছে। তিনি যন্ত্র প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং পলিটেকনিক শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের অধ্যক্ষ লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েকদিন আগে কলেজের কিছু শিক্ষার্থীদের মধ্যে গণ্ডগোল হয়েছিল। সেই ঘটনার জের ধরে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটতে পারে বলে আমরা ধারণা করছি।" তিনি বলেন, দুপুরে ইনস্টিটিউট কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে কলেজের তিনটি ছাত্রাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মীর মশাররফ হোসেন ও লালন শাহ ছাত্রাবাস দুপর ২টা এবং ছাত্রীনিবাস বিকেল ৪টার মধ্যে খালি করতে বলা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে অধ্যক্ষ জানান। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে তানভীর আলম ইনস্টিটিউটের মীর মশাররফ হোসেন ছাত্রাবাসে ২০১ নম্বর কক্ষের সামনে দিয়ে যাওয়ার সময় একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই কলেজের শিক্ষকরা ওই ছাত্রাবাসে ছুটে যান। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে। কুষ্টিয়া সদর থানার ওসি এ কে এম ফারুক হোসেন বলেন, বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। বোমাটি কারা ফাটিয়েছে সেটা তদন্ত করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৯ ঘ.