চাঁদপুর, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ উঠায় চাঁদপুরের শাহরাস্তির রায়শ্রী (উত্তর) ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় কয়েক ঘণ্টার জন্য সিলগালা করে দেওয়া হয়।
দরিদ্রদের বিতরণের চাল বিক্রি করে দেওয়া হচ্ছে- এ খবর পেয়ে সোমবার রাত ১০টার দিকে ওই ইউপি কার্যালয় সিলগালা করা হয় বলে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আয়াতুল ইসলাম জানিয়েছেন।
তবে মঙ্গলবার সকাল ১০টার দিকে কার্যালয় খুলে দেওয়া হয়।
ঘটনার পর থেকে ওই ইউপি চেয়ারম্যান পলাতক বলে ইউএনও জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউপি কার্যালয়ে কী পরিমাণ চাল রয়েছে এবং কী পরিমাণ আত্মসাত করা হয়েছে, তার তদন্ত চলছে।
আয়াতুল জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে চাল পাচারের অভিযোগ শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। ওই সময় ইউপি ভবনের পাশেই হুমায়ুনের মুদি দোকান থেকে এক বস্তা চালসহ দোকান কর্মচারী শাহজাহানকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩০০ ঘ.
bdnews24