কুমিল্লা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে সোমবার রাতে আগুনে নয়টি দোকান পুড়ে গেছে।
রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। ১২টায় কুমিল্লা ও মুরাদনগর থেকে দমকলের দুইটি ইউনিট এসে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দাউদকান্দি থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই বাজারে আগুনে নয়টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে ছয়টি চাউলের এবং তিনটি মুদির দোকান।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে রয়েছেন বিল্লাল, সাজু, গিয়াস উদ্দিন, নন্দলাল কর্মকার ও অলি মিয়া।
আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়ে থাকতে পারে বলে পুলিশ কর্মকর্তা জানান।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২৫ ঘ.
bdnews24