ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশী জোড়-যমজ শিশু তৃষ্ণা ও কৃষ্ণাকে আলাদা করতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ম্যারাথন অস্ত্রোপচার সোমবার অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি হাসপাতালে শুরু হয়েছে। তাদের মাথার খুলি, মস্তিষ্কের অংশবিশেষ ও কিছু রক্তনালী জোড়া লাগানো।
অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড এবং দ্য এজ পত্রিকা এ খবর দিয়েছে।
তবে শল্য চিকিৎসকরা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না এ অস্ত্রোপচার সফল হবে কি না।
খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ১০ টার দিকে মেলবোর্নের রয়্যাল চিলড্রেনস হাসপাতালে এ অস্ত্রোপচার শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৮ টার দিকে যমজ শিশু দুটিকে অচেতন করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।
টনি হোমস এবং অ্যান্ডু গ্রিনস্মিথের নেতৃত্বে প্লাস্টিক সার্জনরা অস্ত্রোপচার শুরু করেন। দুপুর একটার দিকে নিউরোসার্জনরা এসে যোগ দেন। তাদের অস্ত্রোপচার শেষে প্লাস্টিক সার্জনরা এসে কাজ শুরু করবেন। এ অস্ত্রোপচার মঙ্গলবারও চলবে বলে জানা গেছে।
১৬ জন চিকিৎসক এ অস্ত্রোপচারে অংশ নিচ্ছেন।
অস্ত্রোপাচার শেষ হলে তৃষ্ণা ও কৃষ্ণাকে ৩৬ ঘন্টা ইনটেনসিভ কেয়ারে রাখা হবে।
সোমবার রাতে হাসপাতালের অ্যানেসথেসিওলজির পরিচালক আয়ান ম্যাকেনজি বলেন, "পরিকল্পনা অনুযায়ী অস্ত্রোপচার এগুচ্ছে। আমরা এখনো নিউরোসার্জিক্যাল ধাপে রয়েছি। তাই জোড়-যমজ শিশু দুটির মস্তিষ্ক এখনো আলাদা করা হচ্ছে। অধিকাংশ অস্থি ইতিমধ্যে আলাদা করা হয়েছে। তবে শিশু দুটিকে যুক্ত করে রাখা একটি গুরুত্বপূর্ন অস্থি এখনো আলাদা করা হয়নি।"
প্লাস্টিক সার্জন টনি হোমস বলেন "সবাই খুবই আশাবাদী ও উত্তেজিত।"
তৃষ্ণা ও কৃষ্ণা কিছুদিন পরই তিন বছরে পা দেবে।
অস্ত্রোপচারের জন্য 'চিলড্রেন্স ফার্স্ট ফাউন্ডেশন' এ জোড়-যমজ শিশু দুটিকে অস্ট্রেলিয়ায় নিয়ে যায়। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে শিশু দুটির জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/০০২৫ ঘ.
bdnews24