২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বিএনপি মহাসচিবের বক্তব্য ভিত্তিহীন'

অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বক্তব্যকে 'ভিত্তিহীন' বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বক্তব্যকে 'ভিত্তিহীন' বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। সোমবার বিকেলে সচিবালয়ে বাংলাদেশ সফররত বিভিন্ন দেশের কমিউনিষ্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, "অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সম্পর্কে বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন এবং অমূলক। আইন তার নিজস্ব গতিতে চলছে। আমরা আইনের শাসনে বিশ্বাসী। সরকারও দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে।" গত ১৩ নভেম্বর বিএনপি মহাসচিব অ্যাটর্নি জেনারেলসহ রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সমালোচনা করে বলেন, "অ্যাটর্নি জেনারেল ও সরকারি আইন কর্মকর্তারা যেভাবে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের বিষয়ে আগেই চূড়ান্ত ইঙ্গিত দিচ্ছেন, তা স্বাধীন বিচার ব্যবস্থার পরিপন্থী।" বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি সম্পর্কে শফিক আহমেদ জানান, কোনো রকম বাঁধা ছাড়াই আসামী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি-তর্ক উপস্থাপন করার সুযোগ পেয়েছেন। বিচারপতিরাও আইনের বিশ্লেষণ করেছেন। সবকিছু বিবেচনায় এ মামলার বিচার প্রক্রিয়ায় আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে। এ সম্পর্কে তিনি আরো বলেন, সরকার বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও জোরদার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করে যাচ্ছে। বিভিন্ন দেশের কমিউনিষ্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, "কয়েকটি দেশ থেকে আসা কমিউনিষ্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। কীভাবে বাংলাদেশের সঙ্গে ওই সব দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা যায় সে বিষয়ে কথা হয়েছে।" কমিউনিষ্ট পার্টির প্রতিনিধি দলে ছিলেন, কমিউনিষ্ট পার্টি আব ইন্ডিয়া (মার্ক্সিস্ট)-এর প্রেসিডেন্ট ও পলিটব্যুরো সদস্য এম কে পাণ্ডে, ভারতের দৈনিক দেশের কথার সম্পাদক গৌতম দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য মৃদুল দে, ভিয়েতনাম কমিউনিষ্ট পাটির ভাইস চেয়ারম্যান লি হং লিয়েম, পার্টির বাহিঃসম্পর্ক বিভাগের পরিচালক থান লি হোয়া, অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী নরেন্দ্রনাথ দে, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক দেবরঞ্জন, কমিউনিষ্ট পার্টি আব স্পেন-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মারিয়া টেরেসা পানটোজা, কমিউনিষ্ট পার্টি অব নেপালের পলিট ব্যুরো ও কেন্দ্রীয় কমিটির সদস্য উর্মিলা ও কেন্দ্রীয় কমিটির সদস্য কেশব প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২১৩০ ঘ.