২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভৈরবকে জেলা না করে আধুনিক বাণিজ্য নগরী হিসেবে গড়ে তুলুন'

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা করার বদলে আধুনিক বাণিজ্য নগরী ও নৌ-বন্দর হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জেলার সাবেক বিএনপি সাংসদ আখতারুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 01:15 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের ভৈরবকে জেলা করার বদলে আধুনিক বাণিজ্য নগরী ও নৌ-বন্দর হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জেলার সাবেক বিএনপি সাংসদ আখতারুজ্জামান। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সোমবার এক সংবাদ সম্মেলনে ওই এলাকায় ভারী ও মাঝারি শিল্প কারখানা স্থাপন করে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার পরামর্শ দেন বিএনপির এই নেতা। কটিয়াদি এলাকার সাবেক সাংসদ আখতারুজ্জামান বলেন, "নিজ জন্মভূমি ভৈরববাজারকে কেন্দ্র করে একটি নতুন প্রশাসনিক জেলা গঠনের ইচ্ছা পোষণ করেছেন রাষ্ট্রপতি। তার ইচ্ছা পূরণে সরকারও জেলা ঘোষণার পদক্ষেপ নিয়েছে। কিন্তু প্রস্তাবিত ভৈরব জেলায় কটিয়াদি উপজেলাবাসীকে যুক্ত করা যাবে না।" কটিয়াদিবাসী জীবন থাকতেও নিজেদের ভৈরব জেলায় যুক্ত হতে দেবে না বলে মন্তব্য করেন তিনি। তবে আখতারুজ্জামান অখণ্ড কিশোরগঞ্জের নামে একজন আওয়ামী লীগ নেতা ও তার অনুসারীদের রাষ্ট্রপতির কুশপুত্তলিকা দাহ করার ঘটনার প্রতিবাদ জানান এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। কিশোরগঞ্জকে দ্বিখণ্ডিত করে এলাকার মানুষের মধ্যে বিভাজন, হিংসা ও বিদ্বেষ সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ করেন এ বিএনপি নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯০৮ঘ.