চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দু'টি পত্রিকা অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে 'আল্লাহর দল' নামে একটি জঙ্গি সংগঠন।
দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এবং দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ কার্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে রোববার সকালে ডাকযোগে এ চিঠি পাঠানো হয়।
মো. ইছহাক ওরফে ইছহাক ফকিরের নামে পাঠানো এই চিঠিতে বলা হয়, "আপনার নাস্তিক কার্যক্রম এবং মুরতাদ কার্যক্রম বন্ধ করুন। মুরতাদ সাংবাদিকদের বের করে দিন। নইলে বোমা মেরে উড়িয়ে দেব। "
সুপ্রভাত বাংলাদেশ-এর বার্তা সম্পাদক রইসুল হক বাহার এ চিঠি পাওয়ার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিঠি দিয়ে হুমকির বিষয়টি কোতোয়ালী থানা ও গোয়েন্দা পুলিশকে অবহিত করা হয়েছে।
দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের স্টাফ রিপোর্টার আরিফ রায়হানও চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি জিডি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24