বাগেরহাট, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাছ চুরি রোধে ব্যর্থতার অভিযোগে সুন্দরবন পূর্ব বিভাগের এক কর্মকর্তাকে প্রত্যাহার এবং দুই বনকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরা হলেন শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান এবং বনপ্রহরী শরিফুল ইসলাম ও নৌকা চালক আমিনুল ইসলাম।
বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো রোববার এ আদেশ দেন।
মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেপ্টেম্বর মাসে চান্দেশ্বর টহল ফাঁড়ি এলাকা থেকে বেশ কিছু কর্তন নিষিদ্ধ গাছ চোরে কেটে নিয়ে যায়। চুরির ঘটনা তদন্তে ওই তিনজনের ব্যর্থতার প্রমাণ মেলায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২২৪৯ঘ.
bdnews24