২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের চার কর্মকর্তার সাময়িক বহিষ্কারাদেশ কার্যকর

চট্টগ্রাম বন্দরের এক পরিচালকসহ চার কর্মকর্তার সাময়িক বহিষ্কারাদেশ রোববার কার্যকর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রাম বন্দরের এক পরিচালকসহ চার কর্মকর্তার সাময়িক বহিষ্কারাদেশ রোববার কার্যকর করা হয়েছে। এই চার কর্মকর্তা হলেন, বন্দরের পরিচালক (পরিবহন) আহসানুল কবির এবং উপ-পরিবহন ব্যবস্থাপক (ডিটিএম) গোলাম সরওয়ার, উপ-প্রধান প্রকৌশলী (কারিগরি) মো. ফেরদাউস আহমেদ এবং ব্যবস্থাপক (ওয়ার্কশপ) এ এস এম শাহজাহান। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)-এর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্রশাসনিকভাবে এই চার কর্মকর্তার সাময়িক বহিষ্কারাদেশ দুপুরে কার্যকর করা হয়েছে। তাদেরকে সাময়িক বহিষ্কারের জন্য গত ১১ নভেম্বর নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (চবক) ফ্যাক্স বার্তায় নির্দেশ দেওয়া হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) সূত্রে জানা গেছে, চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায় দ্বিতীয় দফা ডাকা দরপত্রে অনিয়মের অভিযোগে প্রথম দুই জনকে এবং চাকরি বিধি লংঘনের অভিযোগে অপর দু'জনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআই/এইচএ/২০১৬ ঘ.