রাজশাহী, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত হলে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।
রোববার রাজশাহীতে তিনি বলেন, "ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হয়েছে। চূড়ান্ত হালনাগাদ তালিকা প্রকাশের পরই ঢাকা সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।"
স্থানীয় ব্র্যাক মিলনায়তনে 'নির্বাচনী ব্যবস্থাপনা উন্নয়ন' শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ কথা বলেন।
এর আগে শামসুল হুদা বলেছিলেন, আগামী মার্চে ঢাকা সিটি করপোরেশন, মে মাসে পৌরসভা এবং সেপ্টেম্বরের শেষে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার চিন্তা করছে কমিশন।
আগামী জানুয়ারিতে হালনাগাদ ভোটার তালিকার খসড়া এবং ফেব্র"য়ারিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
কর্মশালায় সিইসি বলেন, ভোটগ্রহণের কাজে নিয়োজিতরা যাতে ভবিষ্যতে ভোট দিতে পারেন সেভাবে আইন প্রণয়ন করা হচ্ছে।
ভোটগ্রহণের কাজে নিয়োজিত থাকায় নবম জাতীয় সংসদ নির্বাচনে ১০ লাখ প্রকৃত ভোটার ভোট দিতে পারেননি বলে জানান তিনি।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-র (ইউএনডিপি) সহযোগিতায় 'কনস্ট্রাকশন অব উপজেলা অ্যান্ড রিজিওনাল সার্ভার স্টেশন ফর ইলেক্টোরাল ডাটা বেজ' প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা হয়।
রাজশাহীর বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, উপ-নির্বাচন কমিশনার সৈয়দ মুহাম্মদ মুসা উপস্থিত ছিলেন।
কর্মশালায় নির্বাচনী আচরণবিধি, নির্বাচন পদ্ধতি, স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবহার ও নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন কৌশল উপস্থাপন করা হয়।
এতে রাজশাহী বিভাগের ১৬ জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ কর্মকর্তা, নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে জড়িত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বেসরকারি সংস্থার (এনজি) প্রতিনিধিরা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/এসকে/১৭৩৫ঘ.
bdnews24