ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, নারী উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে সরকার নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতেও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। নারীর প্রতি বৈষম্য দূর করতে আইন সংশোধনেরও উদ্যোগ নিয়েছে সরকার।
শনিবার রাজধানীর চেম্বার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
'উইমেন এন্টারপ্রেনার্স ডিরেক্টরি, ২০০৯' এবং 'ঢাকার হারিয়ে যাওয়া ক্বাসিদা'র সিডি প্রকাশ উপলক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এর আয়োজন করে।
নারীদের জন্য বর্তমান সরকারের নেওয়া কর্মসূচির উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকার সংসদের এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখার উদ্যোগ নিয়েছে। সংসদে মহিলাদের জন্য একটি ডেপুটি স্পিকারের পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে। তিনি বলেন, '৯৭ সালের নারী-বান্ধব নারী-নীতি পুনর্বহাল করা হবে।
তথ্যমন্ত্রী মহিলাদের সম্পর্কে ধ্যান-ধারণা বদলানোর মাধ্যমে তাদের আরো উদ্যোগী করে তোলার তাগিদ দেন।
ঢাকার হারিয়ে যাওয়া ক্বাসিদা'র সিডি প্রকাশ সম্পর্কে তিনি বলেন, "ঢাকার নিজস্ব একটি সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে। আকাশ সংস্কৃতির কারণে আজ এ সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। এ সংস্কৃতিকে ধরে রাখতে হবে।"
রোজার মাসে সেহরি খাওয়ার জন্য দলবেধে যে ঘুম ভাঙানোর গান গাওয়া হয় তাই ক্বাসিদা।
ডিসিসিআই সভাপতি জাফর ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাংসদ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আনোয়ার গ্র"পের চেয়ারম্যান আনোয়ার হোসেন, এশিয়াটিক সোসাইটি'র সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক মুনতাসির মামুন ও সালমা খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২২২৮ঘ.
bdnews24