চট্টগ্রাম, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলের ধর্মীয় পরীক্ষার প্রশ্নপত্রের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উদ্দেশ্যমূলকভাবে প্রধানমন্ত্রীর অবমাননার অভিযোগে চট্টগ্রামে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম মহানগরীর সিটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ হাছিনা ও খালেদা নামে দুই বান্ধবীর উদাহরণ দিয়ে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করেন।
ওই প্রশ্নে বলা হয়, দুই বান্ধবী টিভি দেখার সময় আজান হলে খালেদা নামাজ পড়ার জন্য তৈরি হলেও হাসিনা টিভি দেখাতেই মগ্ন থাকেন। পরে খালেদা হাছিনাকে নামাজ না পড়ার কারণ জিজ্ঞাসা করলে সে বলে, "মনে চাই নাই তাই যাইনি"। এর পর নামাজের সঙ্গে আত্মার কুমন্ত্রণার বিরুদ্ধে জিহাদের সম্পর্ক উল্লেখ করে জিহাদ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয়।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষাটিতে দৃশ্যত উদ্দেশ্যমূলক ধরণের এ প্রশ্ন থাকার প্রতিবাদ জানাতে আইস ফ্যাক্টরি রোড ও নালাপাড়ার স্থানীয় লোকজন এবং শিক্ষার্থীদের অভিভাবকরা শনিবার সকাল থেকেই স্কুলে এসে বিক্ষোভ জানাতে থাকেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুচরিতা দাশ এ প্রসঙ্গে বলেন, "পরীক্ষার প্রশ্নপত্র সাধারণত যাচাই করে ছাপাতে দেওয়া হয়। কিন্তু উক্ত শিক্ষক ধর্মীয় অনুভুতিতে আঘাত করবেন এমন চিন্তা না করায় এ ধরণের ত্র"টি হয়েছে।"
সুচরিতা দাশ জানান, অষ্টম শ্রেণীর ইসলামী শিক্ষার পরীক্ষা বাতিল করা হয়েছে। এটি পরবর্তীতে নতুন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রধানমন্ত্রীর প্রতি অবমাননার অভিযোগ এনে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষক তজল্লী আজাদ গ্রেপ্তারের পর অভিযোগ অস্বীকার করে স্কুল চত্বরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোন উদ্দেশ্য থেকে এই প্রশ্ন করা হয়নি। এটি দুইজন বান্ধবীর নাম চিন্তা করেই করা হয়েছে। আমার ভুল হয়েছে। নিজের অজান্তেই এ ভুল করেছি।"
তবে ভুল বা নজর এড়ানোর যুক্তি নাকচ করে দিয়েছেন গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে উপস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মনোয়ারা বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সরকারি স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে এ ধরণের ভুল হওয়ার কোন সুযোগ নেই। স্কুল কর্তৃপক্ষ কেন তা যাচাই করল না, তা খতিয়ে দেখা উচিত। প্রশ্নকর্তার পাশাপাশি তারাও সমান দোষী।"
এসময় উপস্থিত স্কুল পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন জানান, এ ঘটনায় আইনানানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃত শিক্ষক আজাদ বিদ্যালয়ে শিক্ষকতা ছাড়াও নগরীর ফিরোজ শাহ কলোনি মসজিদে ইমামতি করেন। তার বড় ভাই ফানা ফিল্লাহ বিন আজাদ লোহাগাড়ায় জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত এবং তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াজ করেন।
আজাদ এর আগে নগরীর অন্যতম শীর্ষস্থানীয় সরকারি বিদ্যালয় মুসলিম হাই স্কুলে ধর্মীয় শিক্ষক হিসেবে ১৬ বছর কাজ করেছেন। গত ৬ অক্টোবর তিনি সিটি সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক হিসেবে বদলি হয়ে আসেন।
তবে তিনি বা তার পরিবারের সদস্যরা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত নয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের কাছে দাবি করেন আজাদ।
ডবলমুরিং থানার এসআই আবদুল বাতেন উপস্থিত সাংবাদিকদের জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত, বিতর্কিত প্রশ্নপত্র তৈরি এবং প্রধানমন্ত্রীর সম্মানের অবমাননার অভিযোগে ওই স্কুল শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাদি হয়ে থানায় মামলা করবেন।
দেশে ইতিপূর্বেও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায় ও চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সা
bdnews24