ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত বাংলাদেশকে নেপালে পণ্য পরিবহনে রেল ট্র্যানজিট সুবিধা দেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মাদ মিজারুল কায়েস।
সফররত ভারতের পররাষ্ট্র সচিব নিরুপমা রাওয়ের সঙ্গে শনিবার এক বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। (বিস্তারিত)
পররাষ্ট্র সচিব বলেন,"ভারত তিনটি সীমান্ত পয়েন্ট (দিনাজপুরের বিরল-রাধিকাপুর, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-সিঙ্গাবাদ ও লালমনিরহাটের চিলাহাটি-হলদিবাড়ি) দিয়ে রেলপথে আমাদের ট্র্যানজিট দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।"
সচিব জানান, তারা বৈঠকে গত সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির ভারত সফরকালে ঢাকা-দিল্লির যৌথ সম্মতির বিষয়গুলো বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছেন। ভারত নিরাপত্তা সংক্রান্ত ইস্যুগুলোয় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছে। এছাড়া, সীমান্তে হত্যাকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা 'যত শিগগির সম্ভব' সমাধানের ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়।
"আলোচনায় নিরুপমা বলেন, সীমান্তের হত্যাকাণ্ড শিগগিরই বন্ধ করতে হবে", বলেন কায়েস।
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে প্রায়ই বাংলাদেশি নিহত হওয়ার ইস্যুটি দুই দেশের অন্যতম বড় সমস্যা হিসেবে বিবেচিত। ভারত তাদেরকে চোরাচালানি বা সম্ভাব্য অনুপ্রবেশকারী বলে আখ্যায়িত করলেও বাংলাদেশ নির্বিচার গুলি না করে প্রয়োজনে তাদের আটক করে হস্তান্তরের দাবি জানিয়ে আসছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য শনিবারই সকালে ঢাকা এসেছেন নিরুপমা।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কায়েসের বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, "এটি তাৎপর্যপূর্ণ একটি সফর। যৌথ সম্মতির বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের আলোচনা হয়েছে।"
পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরের মধ্যে ১০ সেপ্টেম্বর দেওয়া যৌথ বিবৃতি অনুসারে নেপাল ও ভুটানে প্রবেশে বাংলাদেশকে স্থল পথ ব্যবহার করতে দিতে সম্মত হয় ভারত। বিপরীতে আশুগঞ্জ বন্দর থেকে পণ্য পরিবহণে ভারতকে সুবিধা দেবে বাংলাদেশ।
কায়েস বলেন, যৌথ বিবৃতি অনুসারে বাংলাদেশ ভারতকে তাদের উত্তর-পূর্বাঞ্চলে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহণ করতে দেবে।
ওই কেন্দ্র থেকে আড়াইশ' মেগাওয়াট বিদ্যুৎ ভারত বিক্রি করবে বলে তিনি জানান।
বাংলাদেশ আশুগঞ্জ দিয়ে ভারতকে বহুমুখী ট্র্যানজিট সুবিধা দেবে কি না
bdnews24