চট্টগ্রাম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ফয়'স লেক এলাকায় চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) সামনে বৃহস্পতিবার দুপুরে বাস চাপায় ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ও ইউএসটিসি'র শিক্ষার্থীরা প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
এতে নগরীর জিইসি মোড় থেকে এ কে খান মোড় পর্যন্ত উভয়পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
নিহত শিশু আবদুল হামিম (৬) চাঁদপুরের শাহরাস্তি গ্রামের নুর মোহাম্মদের পুত্র। সে তার পিতার সঙ্গে চাঁদপুর থেকে ফয়'স লেক এলাকায় তার নানার বাসায় বেড়াতে এসেছিল।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বাতেন মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় শিশু মৃত্যুর প্রতিবাদে ক্ষুব্ধ লোকজন ও ইউএসটিসি'র শিক্ষার্থীরা ঘাতক বাসটিকে আটক করে তা পুড়িয়ে দেয় এবং ওই সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এ সময় বিক্ষুব্ধ লোকজন কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএইচ/২২৩৬ ঘ.
bdnews24