রংপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের মিঠাপুকুর উপজেলায় বৃহস্পতিবার ভোররাতে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা হয়েছে।
তাদের হামলায় আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।
এই ঘটনায় পুলিশ অজ্ঞাতনামা দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছে।
মিঠাপুকুর থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রংপুর-ঢাকা মহাসড়কের মির্জাপুর নামক স্থানে বৃহস্পতিবার রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।
তিনি জানান, একদল ডাকাত মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিয়েছে-এই খবর পেয়ে উপ-পরিদর্শক আনছার আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ গাড়ি রেখে মহাসড়ক থেকে গাছের গুঁড়ি সরানোর সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। তারা গাড়ির কাচ ভাংচুর করে।
খবর পেয়ে মিঠাপুকুর থানা থেকে একদল পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
ওসি জানান, এই ঘটনায় এসআই আনছার বাদী হয়ে একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫০ ঘ.
bdnews24