ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুদফা সময় বাড়ানোর পর বৃহস্পতিবার শেষ হচ্ছে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) দাখিলের চূড়ান্ত সময়সীমা।
আয়কর আদেশ অনুযায়ী, সেপ্টেম্বর মাস জুড়ে ব্যক্তি শ্রেণীর করদাতারা রিটার্ন জমা দিতে পারেন। তবে বরাবরের মতো এবারও প্রথমে ৩১ অক্টোবর এবং পরে ১২ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।
জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে রিটার্ন জমার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
বিভিন্ন মহল ও সংগঠনের দাবিতে রিটার্ন জমার সময় বাড়ানো হয় জানিয়ে এনবিআর গত ১ নভেম্বর বলেছিলো, এর পর আর কোনোভাবেই সময় বাড়ানো হবে না।
গত বছর মোট ৭ লাখ ৩৯ হাজার রিটার্ন জমা পড়েছিল। এবার তা ছাড়িয়ে যাবে বলে এনবিআর আশা করছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে কর সনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) মোট সংখ্যা ২২ লাখের বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১০০০ ঘ.
bdnews24