২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আধুনিক প্রযুক্তি ঢাকা পুলিশে

রাজধানীতে পুলিশের কার্যক্রম গতিশীল করতে উন্নততর যোগাযোগ প্রযুক্তির সুবিধা দেওয়া হচ্ছে তাদের এবং তারা তা পাচ্ছেন এ মাস থেকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 05:39 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

গোলাম মর্তুজা অন্তু বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পুলিশের কার্যক্রম গতিশীল করতে উন্নততর যোগাযোগ প্রযুক্তির সুবিধা দেওয়া হচ্ছে তাদের এবং তারা তা পাচ্ছেন এ মাস থেকেই। কর্মকর্তারা বলছেন, স্যাটেলাইট ও ইন্টারনেট নির্ভর ডিজিটাল এ প্রযুক্তির ব্যবহার থানাগুলোর আন্তঃযোগযোগ সহজ করবে, বেতার যোগাযোগ আরও আধুনিক এবং থানাগুলোর ওপর সদর দপ্তরের পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ আরও নিবিড় হবে। এটি অপরাধ দমনেও সহায়ক হবে বলে আশা করছেন পুলিশ কর্মকর্তারা। তারবিহীন ওয়াইম্যাক্স ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে আধুনিক যোগাযোগ ও তথ্য আদান প্রদানের সুবিধা দেওয়া হচ্ছে পুলিশকে। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর ফলে প্রথমত পুলিশের বেতার (ওয়্যারলেস) যোগাযোগ পদ্ধতি উন্নততর হবে বহুগুণে।" এখন এনালগ বেতার পদ্ধতি ব্যাবহারের ফলে একটি ওয়্যারলেস সেটে সবাই সবার কথা শুনতে পান। "নতুন ডিজিটাল প্রযুক্তির ফলে ওয়্যারলেসে দুই জন নিজেদের মধ্যে কথা বলতে পারবেন, প্রয়োজনে ল্যান্ডফোন বা মোবাইল ফোনে কল করতে পারবেন, এর নেটওয়ার্কের পরিধিও হবে অনেক বেশি", বলেন ওয়ালিদ। এছাড়া ওয়্যারলেস সেটধারী ব্যক্তি কোথায় অবস্থান করছেন, তাও নিয়ন্ত্রণ কক্ষ বা সদরদপ্তর থেকে পর্যবেক্ষণ করা যাবে। এছাড়া রাজধানীর ১৫৫টি স্থানে সিসি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি ও যানজট পর্যবেক্ষণ করা হবে বলে মহানগর পুলিশের জনসংযোগ শাখার সহকারী কমিশনার শ্যামল মুখার্জী জানান। প্রতি থানায় বসানো হবে সিসি ক্যামেরা। এর ক্যামেরার মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর দপ্তরে বসেই যে কোনো থানার চিত্র দেখতে পাবেন। যে কোনো থানার আসামিকে জিজ্ঞাসাবাদও করা যাবে। এছাড়া থানাগুলোর একটি তথ্য ভাণ্ডারও গড়ে তোলা হবে। যেখানে বিভিন্ন অপরাধ ও আসামিদের তথ্য দেওয়া থাকবে। একজন আসামি ধরা পড়া মাত্রই মহানগর এলাকায় তার অতীত অপরাধের সব খতিয়ান বের করা যাবে নিমেষেই। চলতি নভেম্বরের মধ্যেই এসব সুবিধা পুলিশের হাতের নাগালে আসতে শুরু করবে বলে জানান ওয়ালিদ হোসেন। এসব বিষয়ে পুলিশ কর্মকর্তাদের ওয়াইম্যাক্স ব্যবহারের ওপর আটদিনের একটি প্রশিক্ষণ শেষ হয়েছে। এতে বিভিন্ন পর্যায়ের ৩৪ জন পুলিশ কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন। পরবর্তী ধাপে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা অন্যদের প্রশিক্ষণ দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১১১১ ঘ.